Voice Bangladesh বেফাক পরীক্ষায় দৃষ্টান্ত স্থাপন: মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ঈর্ষণীয় অর্জন - Voice Bangladesh

বেফাক পরীক্ষায় দৃষ্টান্ত স্থাপন: মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ঈর্ষণীয় অর্জন


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ১৯, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
বেফাক পরীক্ষায় দৃষ্টান্ত স্থাপন: মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ঈর্ষণীয় অর্জন

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় রাজধানীর প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী আবারও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। ধারাবাহিক উৎকর্ষ ধরে রেখে হিফজ ও কিতাব-উভয় বিভাগেই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে শীর্ষস্থান দখল করে প্রতিষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কিতাব বিভাগের শরহে বেকায়া জামাতে সারাদেশে প্রথম ও তৃতীয় স্থান অর্জিত হয়েছে। একইসঙ্গে কাফিয়া জামাতে প্রথম এবং ইবতেদায়ী জামাতে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করে শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে। এই বিভাগে মোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৯৯ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়-যা অত্যন্ত গর্বের বিষয়।

অন্যদিকে হিফজ বিভাগেও সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এ বিভাগ থেকে সারাদেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি এক অনন্য কৃতিত্ব গড়েছে। ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন মুমতাজ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হওয়া নিঃসন্দেহে বিরল এবং প্রশংসনীয় অর্জন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মতে, এই সাফল্য মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত। পাশাপাশি শিক্ষকদের নিরলস পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা এবং সুসংগঠিত শিক্ষাব্যবস্থাই এমন ফলাফল অর্জনের মূল ভিত্তি।

উল্লেখযোগ্য যে, দেশ-বিদেশে আয়োজিত বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, অনেক মেধাবী হাফেজ কেবল কুরআন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকায় কিতাবি ইলমে আগ্রহ কমে যাচ্ছে, যা পূর্ণাঙ্গ আলেম তৈরির পথে একটি বড় চ্যালেঞ্জ।

এই বাস্তবতায় হিফজ ও কিতাব শিক্ষার সমন্বিত বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এমন সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও দক্ষ, জ্ঞানসমৃদ্ধ ও যুগোপযোগী আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।