
স্পেশাল রিপোর্টিংয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিবেদক ও ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর আহবায়ক আনজাম খালেক পেয়েছেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’।
শনিবার রাজধানীর গুলশানের অভিজাত হোটেল লেকশোর হাইটস-এ আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনজাম খালেকের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। এ বছর এটি আয়োজনের দ্বিতীয় আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, এবং জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।
বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন আরও ২৬ জন সাংবাদিক ও নির্মাতা। এছাড়া ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেয়েছেন জুরি স্পেশাল অ্যাওয়ার্ড।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে – নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পুরস্কার আয়োজনের মাধ্যমে।
আপনার মতামত লিখুন :