
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা কলেজের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ঢাকা কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই জাতির প্রকৃত শক্তি। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, “নির্দিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রম ছাড়া কোনো শিক্ষার্থীর জীবন গঠনের লক্ষ্য অর্জন সম্ভব নয়। শিক্ষাবৃত্তি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. মো. জিয়াউল ইসলাম মুন্না, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইংয়ের এপিএস এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি বলেন, “সমাজে দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে শিক্ষাবৃত্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইফতার মাহফিলের মতো সামাজিক মিলনমেলাও সমাজকে আরও সমৃদ্ধ করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রিপন তালুকদার (সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ঢাকা) এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুক্তাদির হোসেন (রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. মিল্লাদ হোসেন (উপদেষ্টা, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা কলেজ এবং সদস্য সচিব, ঢাকা কলেজ ছাত্রদল)। বক্তারা অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা কলেজের সভাপতি আনোয়ার হোসেন প্রিন্স।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচশতাধিক অতিথির জন্য ইফতার সামগ্রীর আয়োজন করা হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।
আপনার মতামত লিখুন :