Voice Bangladesh সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেম'র সংবাদ সম্মেলন - Voice Bangladesh

সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেম’র সংবাদ সম্মেলন


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ১১, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেম’র সংবাদ সম্মেলন

জাতীয় সংসদের সংরক্ষিত (পাবনা-সিরাজগঞ্জ) মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চেয়েছেন পাবনা জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাসেম।

বুধবার (১১ মার্চ) সকালে ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। সে সময় “শিক্ষা, ঐক্য ও প্রগতি” এই আদর্শকে ধারণ করে তিনি সক্রিয়ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেন।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে তাকে বহুবার নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এছাড়াও তার সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও বিসিএস পরীক্ষায় চারবার ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হয়েও রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছে।

রোকেয়া হাসেম বলেন, এ অবস্থায় তৃণমূলের একজন কর্মী হিসেবে তিনি বৃহত্তর পাবনা জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশা করছি। দল যদি আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও অবদানকে মূল্যায়ন করে এমপি মনোনয়ন দেয়। তাহলে আমি ঈশ্বরদী- আটঘরিয়া ও বৃহত্তর পাবনার মানুষের প্রত্যাশা পূরনে সক্ষম হবো। এ সময় সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর মহিলাদলের সহ সভাপতি শাহিনা আক্তার, সাধারণ  সম্পাদক আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা, মুলাডুলি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হোসনে আরা সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।