
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজন সহজ করতে সরকারি তিতুমীর কলেজে স্থাপন করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্যের নিজস্ব উদ্যোগে পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলার কমনরুমে স্থাপিত এই মেশিন থেকে স্বল্পমূল্যে ন্যাপকিন পাওয়া যাবে যা বাজারমূল্যের চেয়েও কম দামে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্যোগ সম্পর্কে নোবেল ইসলাম সূর্য বলেন,
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা অ্যাকাডেমিক এলাকায় প্রথমবারের মতো এই ভেন্ডিং মেশিন স্থাপন করেছি। ভবিষ্যতে প্রতিটি ভবনে একটি করে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এসব মৌলিক চাহিদা পূরণে তেমন উদ্যোগী নয়—তাই নিজেদের সামান্য প্রচেষ্টা থেকেই এ কাজ শুরু করেছি। আগেও করেছি, ভবিষ্যতেও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবো।
তিনি আরও বলেন,
দীর্ঘ এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছি।
তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে নারীদের জন্য স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। তারা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভেন্ডিং মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন।
ভেন্ডিং মেশিনটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন। নারী শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচলকে সহজ করবে এই সুবিধা। এজন্য সূর্যকে ধন্যবাদ।
তিনি আরও জানান, প্রতিদিন বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী অ্যাকাডেমিক ভবনে যাতায়াত করেন, ফলে এই মেশিন তাদের জরুরি প্রয়োজনে বড় সহায়ক ভূমিকা রাখবে এবং বাইরে যেতে হবে না।
আপনার মতামত লিখুন :