Voice Bangladesh জাতীয় চিড়িয়াখানা থেকে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম - Voice Bangladesh

জাতীয় চিড়িয়াখানা থেকে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ৩০, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
জাতীয় চিড়িয়াখানা থেকে আটক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

বন্ধের দিনেও অনুমতি ছাড়া শুটিং, ঘিরে ধরে উত্তেজিত জনতা

রাজধানীর জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচনায় থাকা ফাহিম সেদিন চিড়িয়াখানায় শুটিং করছিলেন। যদিও সাপ্তাহিক ছুটির কারণে রোববার চিড়িয়াখানা বন্ধ ছিল, তবুও তিনি কোনো অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ফাহিমসহ একটি দল চিড়িয়াখানায় প্রবেশ করে বিভিন্ন স্থানে ঘুরে শুটিং করছিল। এ সময় চিড়িয়াখানার সামনে উপস্থিত উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

চিড়িয়াখানার ভেতরে শুটিংয়ের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক ড. রফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট অনুমতি নিয়ে চিড়িয়াখানায় শুটিং করার সুযোগ রয়েছে। তবে ওইদিন কোনো ধরনের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। এমনকি কোনো যানবাহন প্রবেশের অনুমতিও ছিল না। তার ভাষ্য অনুযায়ী, সেদিন পুরো চিড়িয়াখানা বন্ধ ছিল এবং শুধুমাত্র খাদ্য সরবরাহকারী ঠিকাদারের একটি গাড়ি ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, কীভাবে আর এস ফাহিম চিড়িয়াখানায় প্রবেশ করলেন এবং কে বা কারা এতে সহযোগিতা করেছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।