Voice Bangladesh কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও কুপিয়ে কলেজ শিক্ষার্থী হত্যা - Voice Bangladesh

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও কুপিয়ে কলেজ শিক্ষার্থী হত্যা


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ১৬, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি ও কুপিয়ে কলেজ শিক্ষার্থী হত্যা

রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা রাকিবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

নিহত রাকিবের বাড়ি পুরান ঢাকার নিমতলিতে। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে তারা রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে উপস্থিত রাকিবের বন্ধু মো. রনি জানান, ঘটনার সময় রাকিবসহ কয়েকজন মেয়েবন্ধু শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের ওপর গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন দৌড়ে একজন সন্দেহভাজনকে ধরে ফেলেন।

পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে আটক ব্যক্তি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।