Voice Bangladesh হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু - Voice Bangladesh

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু


ভয়েস বাংলাদেশ মে ৩, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জনের মধ্যে ছিল হামের উপসর্গ।

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। আর উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ২৪৪ এবং হাম শনাক্ত হওয়ার পর ৫০ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে ৪০ হাজার ৪৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৭ হাজার ৮১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এ সময়ে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।