Voice Bangladesh পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেফতার ২ - Voice Bangladesh

পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেফতার ২


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ২২, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেফতার ২

বরগুনার পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা মোঃ মন্টু শিকদার (৬২) খুন হয়েছেন। এ ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর কাঠালতলী গ্রামে।

মামলার পর ২১ মার্চ রাতে র‍্যাব-৮ পটুয়াখালী ও র‍্যাব-৩ মাদারীপুরের যৌথ অভিযানে শরীয়তপুর থেকে নিহতের ছেলে মোঃ সোহেল (কাইয়ুম শিকদার) (৩৬) ও মোঃ নাসির শিকদার (৩৯) কে গ্রেফতার করা হয়।
২২ মার্চ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মন্টু শিকদারের দুইটি সংসার ছিল এবং প্রথম সংসারের ছেলে সোহেল ও নাসিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, সেই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পিতার ওপর হামলা চালায় তারা। লাঠিপেটায় ঘটনাস্থলেই মারা যান মন্টু শিকদার।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় সংসারের ছেলে মোঃ রিয়াজ (হোচেন) শিকদার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাদীর অভিযোগ, হত্যার মূল পরিকল্পনাকারী কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে আসামি করতে চাইলেও থানা পুলিশ তা করতে দেয়নি এবং এতে ওসি মোঃ এনামুল হকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

স্থানীয় বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দিনদুপুরে ছেলের হাতে পিতা হত্যা অত্যন্ত জঘন্য ঘটনা এবং এতে ভাড়াটে সন্ত্রাসীদের সম্পৃক্ততা রয়েছে।
নিহতের ভাই মোঃ মাসুদ শিকদারও একই অভিযোগ তুলে গেন্দু হাওলাদারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মোঃ এনামুল হক বলেন, দুইজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে, বিস্তারিত জানতে বাদী-বিবাদীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।