Voice Bangladesh ইরানে হামলা সমর্থন করলে সম্পত্তি বাজেয়াপ্ত হবে, প্রবাসীদেরকে তেহরানের হুঁশিয়ারি - Voice Bangladesh

ইরানে হামলা সমর্থন করলে সম্পত্তি বাজেয়াপ্ত হবে, প্রবাসীদেরকে তেহরানের হুঁশিয়ারি


ভয়েস বাংলাদেশ ডেস্ক মার্চ ৯, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ইরানে হামলা সমর্থন করলে সম্পত্তি বাজেয়াপ্ত হবে, প্রবাসীদেরকে তেহরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সমর্থন করলে বিদেশে বাস করা ইরানি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্তসহ অন্যান্য আইনি দণ্ড ভোগ করতে হতে পারে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কৌঁসুলি জেনারেলের কার্যালয় ।

ইরানে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানো প্রবাসীদের একাংশকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরের রাস্তায় নেমে উৎসব করতে দেখা গেছে।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তারা এই উল্লাস করেন। সোমবার ইরান তার উত্তরসূরি হিসেবে ছেলে মুজতাবা খামেনির নাম ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ইরানের কৌসুঁলি জেনারেলের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “বিদেশে বাস করা যেসব ইরানি নাগরিক বিভিন্নভাবে আমেরিকান-জায়নিস্ট (ইসরায়েলি) শত্রুদের প্রতি সহানুভূতি প্রকাশ, সমর্থন বা তাদের সহযোগিতা করছেন, তাদের সতর্ক করা হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আইন অনুযায়ী তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তারা অন্যান্য আইনি শাস্তির মুখোমুখি হবেন।”

টেলিগ্রামে সদ্য খোলা কিছু চ্যানেলে ইতোমধ্যে বিদেশে বাস করা প্রভাবশালী ইরানিদের বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। এই ব্যক্তিরা গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে এবং ইরানের ধর্মীয় কর্তৃপক্ষের সমালোচনা করে মন্তব্য করেছিলেন।

ইরান সরকারের তথ্যানুযায়ী, প্রায় ৫০ লাখ ইরানি নাগরিক বিদেশে বসবাস করেন, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে থাকেন। তবে ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে, এই সংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি।