
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়নের গ্রাম থেকে আসা নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ব্যানার নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তিনি প্রভাব খাটিয়ে এলাকায় একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার আশ্রয়ে ও সহযোগিতায় স্থানীয় কিছু যুবকও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ গ্রাসে পতিত হচ্ছে।
এলাকাবাসীর আরো বলেন, তিনি জনগণের সেবা না করে বরং সমাজে মাদকের বিস্তার ঘটাচ্ছেন। মাদকাসক্ত একজন ব্যক্তি ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাটা পুরো ইউনিয়নের জন্য লজ্জার বিষয়। তার কর্মকাণ্ডে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করছি কোনো প্রভাবশালী মহলের চাপে নতি স্বীকার না করে এই মাদকাসক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিন। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী,নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনেকে বক্তব্য রাখেন এবং বলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল পদে থেকে মাদক ব্যবসা সেবন করা দেশের আইন ও নৈতিকতার পরিপন্থী।
বক্তারা আরও দাবি করেন, ইউনিয়ন পরিষদের সদস্য পদ থেকে আনোয়ারুল ইসলামকে অব্যাহতি দিয়ে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে ওই দায়িত্ব দেওয়া হোক।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি স্মারকলিপি রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :